বিটিআরসি’র আয়কর রিটার্ন মওকুফ
চলতি অর্থবছরের (২০২৩-২৪) জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) আয়কর রিটার্ন মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় এনবিআর।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন-২০২৩ এর ধারা ২৬৪ এর উপ-ধারা ৪ অনুযায়ী বিটিআরসি ও বাংলাদেশ রেলওয়েকে ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন থেকে অব্যাহতি দেয়া হলো। এই আদেশ একই আইনের ১৪২ ধারার উপধারা ১ এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আয়কর আইন-২০২৩ এর ২৬৪ ধারার ৪ নং উপধারা অনুযায়ী, বোর্ড সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, কোনো ব্যক্তিকে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করা থেকে অব্যাহতি দিতে পারবে।
অপরদিকে অব্যাহতির আদেশ আইনের ১৪২ ধারার উপধারা উল্লেখ আছে, কর রিটার্ন জমাদানকারী ব্যক্তি রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হলে উৎসে কর কর্তন বা সংগ্রহে প্রযোজ্য হারের চাইতে ৫০ শতাংশ বেশি হবে।







